কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী হানিফ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ রায়হান (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত এবং ৪ বাস যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (৪ আগষ্ট) বেলা ১টা ৩০ মিনিটের সময় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ রায়হান চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের শাহাব উদ্দিনের ছেলে।
এতে আহতরা হলেন, চকরিয়া পৌরসভার কাউন্সিলর জামাল উদ্দিনের মেয়ে তানজিনা বিনতে জামালসহ ৪ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর কারণে সবার নাম জানা যায়নি।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মাকছুদ আহম্মদ বলেন, কক্সবাজারমুখী হানিফ বাসের সাথে চকরিয়ামুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় বাসের ৪জন যাত্রী আহত হয়েছে। আহতদেরকে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
