ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপপ্রচার রোধে ফেসবুকের প্রচারণা নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে থাকবে। ইসির নির্দেশনা মোতাবেক ফেসবুক কনটেন্ট ব্লক করবে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি জানায়, ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে বৈঠক করেছেন। সংস্থাটির পক্ষ থেকে এ সময় আরও উপস্থিত ছিলেন এইডান হেই এবং এজিনেন ফো।
এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এবং এনআইডি সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।
অশোক কুমার দেবনাথ জানিয়েছে, ফেসবুকের একটা টিমের সঙ্গে আমরা বসেছিলাম। উনারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গেও বসেছিলেন।
ফেসবুকে যে অপপ্রচার হয়, মূলত সে অপপ্রচার কীভাবে রোধ করা যায়। বিশেষ করে হেট স্পিচ, ভায়োলেশন যেগুলো হয়, সে ধরনের কোনো প্রচারণা থাকলে সেগুলো তারা ডিলিট, রিমুভ করবে। ওখান থেকে তারা ব্লক করবে।
ইসির অতিরিক্ত সচিব বলেন, এটা হলো প্রাথমিক একটা আলোচনা। পরে তাদের সঙ্গে আলোচনা আরও হবে। যে কোনো অপপ্রচারের কনটেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে ফাইন্ড আউট করবে ফেসবুক। তারাও ফোকাল পয়েন্ট ঠিক করবে। তারপর সেভাবে যোগাযোগ হবে।
তিনি বলেন, যেকোন ধরনের কনটেন্ট যেগুলো আমাদের কাছে মনে হবে নেগেটিভ প্রচারণা এবং নির্বাচন সংশ্লিষ্ট সেগুলো বন্ধের জন্য বলা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ কার্যক্রম চালানো হবে।
