জনসভায় যোগ দিতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (২ আগস্ট) বেলা সোয়া একটার দিকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী রংপুরে পৌঁছান।
প্রধানমন্ত্রী রংপুরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর দুপুরে খাওয়া-দাওয়া ও বিশ্রাম সেরে বেলা ৩টায় জনসভা মঞ্চে উপস্থিত হবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বেলা সোয়া ১২টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এখন বক্তব্য দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতোমধ্যে পুরো রংপুর জুড়ে সাজ সাজ রব। সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তাদের খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী।
রংপুরে জিলা স্কুল মাঠে মহাসমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ উপচে পড়ে। মাঠের ভেতরের পাশাপাশি হাজার হাজার নেতাকর্মী রংপুর নগরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন।
মহাসমাবেশ ঘিরে তৈরি হওয়া জনস্রোত এখন স্লোগানে স্লোগানে মুখরিত। নানা রঙের পোশাক আর বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।
