পাকিস্তানে একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের কর্মী সম্মেলনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে দুই শতাধিক। কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
রোববার দেশটির খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের একটি রাজনৈতিক দলের সম্মেলনে এ হামলার ঘটনা ঘটে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার এএফপিকে বলেছেন, বিস্ফোরণের এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছে। এছাড়া ১২৩ জন আহত হয়েছে, যার মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।
তিনি জানান, এটি আত্মঘাতী হামলা ছিল। হামলাকারী সম্মেলনের মূল মঞ্চের কাছাকাছি বোমার বিস্ফোরণ ঘটায়।
বর্তমানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের উদ্ধারে অভিযান চলছে। অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নেয়া হচ্ছে।
বাজাউর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. ফয়সাল কামাল বলেছেন, বাজাউর জেলা সদর হাসপাতালে ১৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে।
বাজাউর ও পার্শ্ববর্তী এলাকার হাসপাতালগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন প্রদেশটির তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ফিরোজ শাহ।
তিনি জিও নিউজকে বলেন, আমরা হেলিকপ্টারের মাধ্যমে গুরুতর রোগীদের পেশোয়ার এবং অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
এদিকে জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান এ ঘটনার তদন্তের জন্য দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খানের কাছে দাবি জানিয়েছেন।
পাশপাশি হাসপাতালে গিয়ে আহতদের রক্ত দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। নিহত জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ নিহত হয়েছেন।
বাজাউর জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলছে, তবে এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করা যায়নি।
