স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য মডেল রামুর রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার। এটি একটি অনন্য তীর্থস্থান।
মঙ্গলবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে বৌদ্ধ বিহার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রীতির এ দেশে আমরা সবাই মিলেমিশে বাস করি। বাংলাদেশের এই প্রান্তে মহামান্য বৌদ্ধ দেবের পদচারণা হয়েছিল।
সম্রাট অশোক কর্তৃক নির্মিত ঐতিহাসিক স্থান রামুর রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার ও অনাথ শিশুদের আশ্রয়স্থল জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোম।
তিনি বলেন, এই জ্ঞানচর্চা কেন্দ্র সব অকল্যাণ দূর করবে। এই শিশুরা একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। ঐতিহাসিক এই স্থাপনাটি যাতে স্থায়িত্ব এবং সমৃদ্ধ লাভ করে সে ক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হবে।
এর আগে মন্ত্রী রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারে পৌঁছালে বৌদ্ধবিহারের অধ্যক্ষ কে, শ্রী জ্যোতিসেন মহাথেরো স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
পরে মন্ত্রী রাংকুট বৌদ্ধ বিহার, রাংকুট পদ্মবীনা ঝুলন্ত সেতু, মীরাক্কেল গার্ডেনসহ নানা স্থান ঘুরে দেখেন। এ সময় জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমের শিশু শিক্ষার্থীরা গান এবং নৃত্য পরিবেশন করে।
বৌদ্ধ বিহার পরিদর্শনকালে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ আসাদুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু, সহকারী একান্ত সচিব মনির হোসেন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসাইন, রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারের অধ্যক্ষ কে, শ্রী জ্যোতিসেন মহাথের, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সৌমেন বড়ুয়া উপস্থিত ছিলেন।
