ফটিকছড়ির ভূজপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য এরশাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছে চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা।
রবিবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ অনাস্থা প্রস্তাব জমা দেন তাঁরা।
জানাগেছে, পরিষদের অভ্যন্তরিন বিষয় নিয়ে ইউপি সদস্য এরশাদ বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে আসছিল। এ নিয়ে চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা তাকে নিবৃত্ত করতে চাইলে তিনি তার অবস্থানে অনড় থাকেন।
এর পরিপ্রেক্ষিতে ২ জুলাই, রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদের জরুরী সভা থেকে মেম্বার এরশাদের বিরুদ্ধে সর্ব সম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব গ্রহণ করার কথা জানানো হয়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন বলেন , সকল সদস্যদের কাছে যেটি ন্যায় মেম্বার এরশাদের কাছে তা অন্যায়। তিনি উপজেলা পরিষদের ওয়ান পার্সেন নিয়ে ফেইসবুকে যে মন্তব্য করে যাচ্ছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমাদের দায়িত্ব গ্রহণের ১১ মাস অতিবাহিত হতে চলেছে আমরা এখনো ওয়ান পার্সেনের টাকা পাইনি। অথচ এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও পরিষদের অভ্যন্তরিন নানা বিষয়সহ ১১ জন মেম্বারের কার্যক্রম নিয়ে তিনি মিথ্যাচার করছেন মেম্বার এরশাদ। যা কোন অবস্থাতেই মেনে নেয়া যায়না।
ইউপি সদস্য এরশাদের মন্তব্য জানতে তাঁর মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন, ভূজপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য এরশাদের বিরুদ্ধে রেজুলেশন আকারে একটি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা।
প্রয়োজনীয় কুমেন্টসহ আগামীকাল আবেদন করতে বলে দিয়েছি। ডকুমেন্ট পাওয়ার পর পরবর্তীতে তদন্ত করে বিষয়টি মাননীয় জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হবে।
