চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি, সাবেক জেলা পিপি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এডভোকেট এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরীর স্মরণে চট্টগ্রামে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ই জুন) বিকেলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের চট্টগ্রাম ইউনিটের আহবায়ক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাসেমের সভাপতিত্বে ও সদস্য সচিব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিনের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয়ের মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
আরও পড়ুন : মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে প্রশাসনের প্রতি আস্থা থাকবে না: ভূমিমন্ত্রী
শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, এড. এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী আজীবন হৃদয়ে আওয়ামী লীগের আদর্শ ধারণ করে গেছেন।
আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি যেমন নিজের অবস্থান থেকে ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নেও তিনি ছিলেন আপোষহীন।
আইনজীবী হিসেবে তিনি যেমন অত্যন্ত সফল, একজন রাজনীতিবীদ হিসেবেও তিনি ছিলেন একজন অনলবর্ষী বক্তা। স্বাধীনতার স্বপক্ষে তার অবস্থান ছিল আমৃত্যু।
প্রধান বক্তা জনাব মফিজুর রহমান বলেন, এ.কে.এম. সিরাজুল ইসলাম চৌধুরী কেবলমাত্র একজন প্রথিতযশা আইনজীবীই ছিলেন না, তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একজন প্রগতিশীল মানবিক মানুষ ছিলেন।
