চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার (৮ জুন) উপজেলার ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নের দক্ষিণ গুমানমর্দ্দনের বোয়ালিয়ারকুল ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই মোঃ জসিম উদ্দীন তার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার চৌধুরী বাড়ীর মোহাম্মদ ইলিয়াসের পুত্র রবিউল হোসেন (২৮), ছিপাতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার বাচা গাজীর বাড়ীর মোহাম্মদ ইউসুফের পুত্র মোহাম্মদ সালাউদ্দীন (২৮) ও নাঙ্গলমোড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকার গোলাপ নবীর বাড়ীর দিদারুল আলমের পুত্র মোহাম্মদ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ২টি রামদা, ২টি কিরিচ, ৩টি লোহার রড, ১টি সেলাই রেঞ্চ, ১টি রিং রেঞ্চ, ১টি রিং হ্যান্ডেল গুটি, ১টি রিং ঢালী, ১টি ঢালী, ও চট্টগ্রাম থ ১২-২২১৬ নাম্বারে নিবন্ধিত ১টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইমাম হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।
