৪ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজসিং। বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টা ৪০ মিনিট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আইনে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
জানা যায়, সফরের প্রথমদিনে বিকাল ৩টায় তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে সম্মান জানাবেন। এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতি ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় দিনে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন। তিনি আগারগাঁওয়ে মুক্তিযোদ্ধা জাদুঘরও পরিদর্শন করবেন।
সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন। সফরের তৃতীয় দিনে তিনি রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। ১৪ মে সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।
