বাংলাদেশ স্কাউটস সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনা ও পরিচালনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগে জরুরী সাড়াদান বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স রাঙামাটির কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এ শেষ হয়েছে।
এতে বাংলাদেশ স্কাউটস এর রোভার, রেলওয়ে ও নৌ অঞ্চলের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

সমাপনী দিনে গত শনিবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ চত্বরে মহা তাঁবুজলসা ও সনদপত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর অধিনায়ক ও কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর জেলা কমিশনার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী।
কোর্সের কোর্স লিডার ও বাংলাদেশ স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এসময় কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার ফয়সাল, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর জেলা সচিব কমান্ডার মাহাবুব শাহজালাল, বাংলাদেশ স্কাউটস এর দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের ন্যাশনাল কো-অর্ডিনেটর শবনম জেবিন সহ নৌ বাহিনীর পদস্থ কর্মকর্তা ও স্কাউটস এর সদস্যরা উপস্থিত ছিলেন।
কোর্সের কোর্স লিডার এম জাহাঙ্গীর আলম জানান, প্রাকৃতিক দুর্যোগে কিভাবে নিজেকে নিরাপদ রেখে দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়, সেই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত ৩ মে হতে শুরু হওয়া প্রশিক্ষণে সর্বমোট ৮ জন প্রশিক্ষক অংশ নেন।
