উখিয়ায় আলোচিত মাছ ব্যবসায়ীকে হত্যা প্রচেষ্টার মামলায় কিশোর গ্যাং এর লিডার ও শীর্ষ সন্ত্রাসী রিদুয়ানুল হক ময়নাকে অবশেষে ৫ মাস পর গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে উখিয়া পুলিশ।
রোববার বিকাল ৫ টার দিকে উপজেলা দিঘির পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন,উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া গ্রামের মৃত মোহাম্মদ ইসলামের ছেলে রিদুয়ানুল হক ময়না(২৮)।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৬ অক্টোবর২০২২ (বুধবার)রাত ৮ টার দিকে উখিয়া মাছ বাজারে দূর্ধর্ষ সন্ত্রাসী ময়না তার ১০/১২ মুখোশ পরিহিত সন্ত্রাসী বাহিনী নিয়ে মাছ ব্যবসায়ী সাহাব উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে মাথা, শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে।এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাহাব উদ্দিনকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এঘটনায় আহত সাহাব উদ্দিনের ছোট ভাই মোঃআলমগীর বাদী হয়ে উখিয়া থানায় রিদুয়ানুল হক ময়নাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩৫৪ তারিখ -৩০/১০/২০২২ ইং।
উখিয়া থানার এসআই সাজ্জাদ হোসেন জানান,মাছ ব্যবসায়ীকে হত্যা প্রচেষ্টায় মামলা দায়ের করা হয় ময়নাসহ ৯ জনের বিরুদ্ধে।এ মামলায় সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।রোববার বিকালে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার দিঘির পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, এই মামলার এজাহার নামীয় আরেক আসামী মীর আহম্মদ এর ছেলে মোঃ ইরান(২৫)আদালতে জামিন চাইলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
নাম প্রকাশের অনিচ্ছুক ভুক্তভোগী কয়েকজন জানান, তার রয়েছে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী,রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যার মধ্যে রয়েছে মন্দিরের জায়গা দখল মাদক ব্যবসা,মাদক সেবন,ছিনতাই,ভাড়াতে কিলার,অপহরণ, চাঁদাবাজি, জায়গা দখলসহ কথায় কথায় বৃদ্ধ থেকে শুরু করে যে কাউকে মারধর করার অহরহ ঘটনায় তার বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে।
এ ব্যাপারে জানতে উখিয়া থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মোহাম্মদ আলী ফোন করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
