চট্টগ্রাম কর্ণফুলীর শাহ আমানত সেতু টোল প্লাজা এলাকা থেকে ২৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. আব্দুস শুক্কুর (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৩ মার্চ) ভোরে টোল প্লাজার উত্তর পার্শ্বের পিএবি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করছেন।
গ্রেফতার আব্দুস শুক্কুর কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্ষ্যং ইউনিয়নের মধ্যম হ্নীলা কানজর পাড়ার জাগির হোছনের ছেলে।
সোমেন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের কর্মকর্তারা কর্ণফুলী থানার শাহ-আমানত সেতু টোল প্লাজার উত্তর পাশের পিএবি রোডে ডিউটি করতে থাকেন।
সোমবার ভোরের দিকে টেকনাফ থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় আব্দুস শুক্কুরের ট্রাভেল ব্যাগে তল্লাশি করে ব্যাগের ভিতর থেকে ১১৯টি নীল রঙের পলি প্যাকেট থেকে মোট ২৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আব্দুস শুক্কুর দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
