মিরসরাইয়ের ধুমঘাট এলাকায় রেললাইনে হাটার সময় ট্রেনে কাটা পড়ে নাজমা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ মার্চ) দুপুর ২টায় উপজেলার ধুমঘাট রেলক্রসিং আজমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা স্থানীয় হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর ১ নম্বর ওয়ার্ডের নুরুল হকের মেয়ে। নিহতের পরিচয় নিশ্চিত করেছে নিহতের ভগ্নিপতি মো: মানিক। দুর্ঘটনার সময় তিনি রেললাইন ধরে হাটছিলেন। রেলওয়ে পুলিশ ধারণা করছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
জানা গেছে, নিহত নারীটি মানসিক ভারসাম্যহীন। বুধবার দুপুরে দুর্ঘটনার সময় তিনি রেললাইন ধরে হাটছিলেন। তখন ঢাকা থেকে সকালে ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে দুপুর ২টায় কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই খোরশেদ আলমের নেতৃত্বে লাশটি উদ্ধার করা হয়।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই খোরশেদ আলম জানান, ধুমঘাট রেলক্রসিং এলাকায় রেললাইন ধরে হাটার সময় ট্রেনে কাটা পড়ে নারীটির মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
