ময়মনসিংহের নান্দাইলে আবু সাইদ (৫০) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য খুন হয়েছেন। প্রতিবেশীর পান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রাম থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
নিহত আবু সাইদ ওই এলাকার মৃত ছফির উদ্দিনের ছেলে এবং খারুয়া ইউনিয়নের সাবেক মেম্বার।
নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক ইউপি সদস্য আবু সাইদ বিকেলে খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজার থেকে ওষুধ কিনতে যান। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও আবু সাইদ বাড়ি না ফেরায় তার ছেলেরা খুঁজতে বের হয়। পরে প্রতিবেশি সাত্তার নামে এক ব্যাক্তির পান ক্ষেতের পাশ গিয়ে যাওয়ার সময় তার বাবা আবু সাইদের ফোন নম্বরে কল করলে পাশেই মোবাইল বেজে উঠে। পরে সেখানে খোঁজাখুঁজি করে পান ক্ষেতের ড্রেনে মাথার দিকে অর্ধেক মাটিতে পুতে রাখা অবস্থায় আবু সাইদকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাত ১০ টার দিকে থানায় নিয়ে আসা হয়।
এসআই আব্দুল কাদির আরও বলেন, প্রতিবেশি সাত্তারের সাথে নিহত আবু সাইদের টাকার লেনদেন ছিলো। এই টাকা লেনদেনের জন্যই তিনি খুন হয়েছেন বলে ধারণা করছেন তার ছেলেরা। এই ঘটনার পর সাত্তার ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। মরদেহ আজ (বৃহস্পতিবার) সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেছে বলেও জানান তিনি।
