চট্টগ্রামের রাউজানে ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাছনী প্রকাশ বাচুইন্যাকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টায় উপজেলার নোয়াপাড়ার চৌধুরীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাছনী উপজেলার সামিদার কেয়াং এলাকার জেবর মুল্লুকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, ২০০৩ সালের ৫ অক্টোবর মো. নাসের আহমেদ নামে এক ব্যক্তি তার ফুফাতো বোনের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় তার ফুফাতো বোনের জামাতাসহ বাড়ি ফেরার সময় বাছনী তার সহযোগীরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে। পরে অপহৃত নাসের আহমেদের লাশ পাওয়া গেলে ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়। এ ঘটনার পর থেকে আসামি বাছনী পালিয়ে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এছাড়া আরেকটি অপহরণ মামলায় ২০১১ সালের ১১ অক্টোবর আদালত বাছনীকে ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে ওয়ারেন্ট জারি করেন।
তিনি আরও বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে রাউজান উপজেলার নোয়াপাড়ার চৌধুরীহাট এলাকা থেকে পলাতক আসামি বাছনীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাসপোর্ট ও বিমানের টিকেট পাওয়া যায়। সে কৌশলে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে রাউজান ও পাচঁলাইশ থানায় ১০টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
