চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী জিননুরাইন হিফজ মাদ্রাসার মো. জাহেদুল ইসলাম জিহাদ (১৪) নামের এক ছাত্র ৯ দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় ওই ছাত্রের বড় ভাই মো. নয়ন উদ্দিন বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নং – ৮৭৬।
নিখোঁজ মো. জাহেদুল ইসলাম জিহাদ বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড দক্ষিণ বরুমচড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, চাতুরীর জিননুরাইন হিফজ মাদ্রাসায় হেফজ বিভাগে ছাত্র হিসেবে পড়ালেখা করত।
নিখোঁজ হওয়ার পাঁচ দিন আগে গত ০৮ ফেব্রুয়ারি জিহাদ মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে যায়। এরপর ১৩ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এর পর জিহাদের খোঁজখবর নিতে তার পরিবার মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তখন ওই শিক্ষক জানান, জিহাদ মাদ্রাসায় আসেনি।
এরপর থেকেই জিহাদের পরিবার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। পরে ১৮ ফেব্রুয়ারি বাঁশখালী থানায় ওই ছাত্রের ভাই জিডি করেন।
জিহাদের ভাই মো. নয়ন উদ্দিন বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা জিহাদকে উদ্ধারের চেষ্টা করছে।
মাদ্রাসাটির শিক্ষক মো. নাঈম উদ্দিন বলেন, ওই ছাত্র গত ০৮ ফেব্রুয়ারি মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পর আর ফিরে আসেনি। তার অভিভাবকেরা জানান, সে ১৩ ফেব্রুয়ারি মাদ্রাসায় আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।
জিহাদের সন্ধান পেলে ০১৬৩৩-৬৬২৬২১ ও ০১৮২২-৫৬৩২৯০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন ভাই নয়ন উদ্দিন।
