হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের শান্তিরহাট এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম।
সরেজমিন পরিদর্শনে দেখা যায় , ১ টি এক্সেভেটর ও ১ টি ড্রাম ট্রাক সহযোগে কৃষি জমির উর্বর উপরিভাগের মাটি কেটে নিচ্ছে একটি চক্র।
অভিযানের তথ্য পেয়ে চক্রটি তড়ি-ঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় রুবেল ও জুয়েল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে (২০১০) ড্রাম ট্রাকের জন্য জুয়েলকে ৫০ হাজার ও রুবেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন “কৃষি জমি টপসয়েল কর্তন আমাদের খাদ্য উৎপাদনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। সে নির্দেশনা বাস্তবায়নে কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
