চট্টগ্রামের কর্ণফুলীতে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী ক্যাম্পিং ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০৫ ফেব্রুয়ারী) বিকেলে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।
চট্টগ্রামের স্থানীয় পত্রিকা দৈনিক ইনফো বাংলা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ প্রধান আলোচক ছিলেন দৈনিক ইনফো বাংলার পরিচালনা সম্পাদক আলী আহমেদ শাহীন।
এতে বিশেষ অতিথি ছিলেন, মাদকদ্রব্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ- পরিচালক জ্যাতি চাকমা,পটিয়া হাইওয়ে থানার ইনচার্জ বিকাশ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হাসানুল করিম, প্রমুখ।
দৈনিক ইনফো বাংলা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সরওয়ার রানার সঞ্চলনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাদকদ্রব্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান পাটওয়ারী।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে বেশির ভাগ যুবক মাদকাসক্তে জড়িয়ে পড়েছে। মাদকাসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। যুব সমাজকে রক্ষা করতে হলে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনসহ সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এছাড়াও শিক্ষার্থীদের মাদক সন্ত্রাস থেকে মুক্ত রাখতে অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই মাদক প্রতিরোধে সকল শ্রেণীর পেশার মানুষের আন্তরিক সহযোগিতা থাকতে হবে। তাহলেই সমাজ থেকে মাদক দুর হবে।
সমাবেশ শেষে উপজেলার বিভিন্ন স্কুলের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্তদের সম্মাননা প্রদান ও শ্রেষ্ঠ স্কুলের প্রধান শিক্ষকদের স্মারক প্রধান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রীক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
