রাউজানের কারাতে ও সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে স্কুল শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণ দিয়েছেন চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার গহিরা এজে ওয়াই এস এম বহুমুখি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণ প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের ফিল্মের অবস্থা ভালো নেই। আবার অন্যদেশের ছবি চালানোর চেষ্টা, চিন্তা-ভাবনা চলছে। নিজের দেশকে আমরা চালাতে পারিনা, সেখানে অন্য দেশের ফিল্ম যদি এখানে আসে সেখানে ফিল্মের অবস্থা আরও খারাপ হবে। অন্য কেউ স্বীকার করুক বা না করুক আমি একবাক্যে এটা স্বীকার করব। তিনি আরও বলেন, নতুন যাদের কাজ করার চিন্তাভাবনা ছিল তারা আমাগীতে কাজ করতে পারবে না। আমি প্রতিবাদ করছি, করব। ভারতীয় ছবি রিলিজের পক্ষে সবাই থাকলেও আমি সেই পক্ষে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. দীপক সরকার। প্রধান বক্তা ছিলেন প্রফেসর অজয় দে। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল হক। শিক্ষক রাজু ভট্টাচার্যের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী লেখক তোফায়েল হায়দার।
