রাঙ্গুনিয়ায় বিভিন্ন অনিয়ম ও অপরাধের দায়ে ড্রাগ এক্ট ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফার্মেসিসহ তিন প্রতিষ্ঠাকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে রাঙ্গুনিয়া উপজেলা চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকার এসব প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দোভাষী বাজার এলাকার ১টি ফার্মেসিকে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অননুমোদিত ও মিসব্র্যান্ডেড ঔষধ বিক্রি, লাইসেন্স বিহীন শিশুখাদ্য বিক্রি এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ইঞ্জেকশান খোলা অবস্থায় সংরক্ষণের অপরাধে ১৫ হাজার টাকা এবং ১টি কসমেটিকস এর দোকানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে ৫ হাজার টাকা ও উপজেলার নজরের টিলা এলাকায় ১টি কুলিং কর্ণারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অপরাধে ৩ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় খোলা অবস্থায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত সকল ঔষধ জব্দ করা হয়েছে।
এছাড়াও কসমেটিকস দোকানের এ সকল প্রসাধনী পণ্য বৈধ উপায়ে বিদেশ থেকে আনা হয়নি। যারফলে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতের এ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম জানান, “বিএসটিআই এর অনুমোদনহীন এসব প্রসাধনী সামগ্রীর ব্যবহার অত্যন্ত ঝুকিপূর্ণ বিবেচনায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক করতে এ জরিমানা করা হয়েছে”।
এর আগে গতকাল রোববার দুপুরে উপজেলার রোয়াজার হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ফার্মেসিসহ দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
