রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১টি বসতঘর। এছাড়াও আগুন ছড়িয়ে পড়ে পুড়ে যায় আরও ১টি প্রাইভেটকার।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহেদ হাসান। সে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই। আগুনে পুড়ে তার বসতঘর ও প্রাইভেটকার পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত জাহেদ জানান, “ঘরের ব্যবহৃত ফ্রিজের বৈদ্যুতিক তার ইঁদুর কেটে দিয়েছিল। সেখান থেকেই এ ঘটনা ঘটেছে। আগুন লাগার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ায় ঘর থেকে কিছু বের করা সম্ভব হয়নি”।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, “বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বসতঘর ও গাড়ি পুড়ে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে”।
