বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সাথে সেনাবাহিনীর সংঘর্ষে কেএনএফে এর এক সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার ২৮শে জানুয়ারি সন্ধ্যায় রুমা উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দুরে আর্থা পাড়া ও বাছলাং পাড়ার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর আতঙ্কে ঐ এলাকার কয়েকটি পাড়ার শতাধিক নারী পুরুষ রুমা উপজেলা সদরে এসে আশ্রয় নিয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) সকালে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নিহত কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করেছে।
পালিয়ে আসা গ্রামবাসীদের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প শুরু করেছে সেনাবাহিনী। বয়স্ক ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করছেন তারা।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন জানিয়েছেন, কেএনএফের সশস্ত্র সদস্যরা পাহাড়ে অবস্থান নিয়েছে এমন খবরে সেখানে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনাকালে অস্ত্রধারীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় উভয় পক্ষে গোলাগুলিতে এক কেএনএফ সদস্য ঘটনাস্থলে নিহত হয় এবং সংঘর্ষের পর আহত কয়েকজন কেএনএফ সদস্য ঘটনাস্থল হতে পালিয়ে যায়। নিহত কেএনএফ সদস্যের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও দশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলি জানিয়েছেন, আতঙ্কে রুমা উপজেলায় অবস্থান নেওয়া শতাধিক নারী-পুরুষদের সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য , ২০২০ সাল থেকে পাহাড়ে বম সম্প্রদায়ের কিছু বিপথগামী যুবক সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট(কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তুলে।
