রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা থেকে এক যুবকের ছুরিকাহত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) ভোরে ধলপুর বউবাজার মূল রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
উদ্ধারকারী পথচারী অটোরিকশা চালক রুবেল মিয়া জানিয়েছেন, রোববার ভোরে ধলপুর বউবাজার মেইন রাস্তায় ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে ভোর সোয়া পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ওই যুবকের পেটে ও বুকে ছুরিকাঘাতের জখম ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, নিহত যুবকের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের শরীরের ছুরিকাঘাতে মতো জখম রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
তিনি আরও জানান, ছিনতাইকারীরা না পূর্ব শত্রুতার জের ধরে কোন সন্ত্রাসীরা এ ঘটনাটি ঘটেছে, তা তদন্তপূর্বক ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
থানা পুলিশের বরাত দিয়ে বাচ্চু মিয়া আরও বলেন, নিহতের পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।
