যুক্তরাজ্যের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ সাত দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
রোববার (১৫ জানুয়ারি) যুক্তরাজ্যের জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায়
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে বাদ্য পরিবেশন করে জাহাজটিকে অভিবাদন জানায়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম ফয়জুল হক জাহাজের অধিনায়ককে স্বাগত জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স এ্যাটাশেসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহাজের অধিনায়ক কমান্ডার এলিয়ট স্মিথ টেইলোর নেতৃত্বে ১৬ জন কর্মকর্তাসহ মোট ৫৯ জন সদস্য এ শুভেচ্ছা সফরে অংশগ্রহণ করছেন।
বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানসহ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের উর্ধ্বতন প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া জাহাজটির কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা নির্ভীক, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি), বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন।
সাত দিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে।
