চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলা বিভাগের নবীন-প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে ‘৫ম বাঙলা সম্মিলন’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলা বিভাগের ১ম ব্যাচ থেকে শুরু করে ৫৬ তম ব্যাচের শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে মুখর ছিল ক্যাম্পাস।
শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শাটলে করে ক্যাম্পাসে পৌঁছায় নবীন-প্রবীণ শিক্ষার্থীরা। এরপরে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় বাংলা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘৫ম বাঙলা সম্মিলন’। উৎসবে অংশগ্রহণকারীদের কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ সাহিত্যিক আবার কেউ সাংবাদিক। বিভিন্ন শ্রেণি-পেশার প্রাক্তন শিক্ষার্থীদের কলতানে অন্যরকম পরিবেশই ছিল ক্যাম্পাসে। সঙ্গে বর্তমানদের উচ্ছ্বাস তো ছিলই।
এদিন বেলা সাড়ে ১১টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত হয় আলোচনা সভা।
বাংলা সম্মিলনের সভাপতি কবি অভিক ওসমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘আজকে কে ছোট, কে বড়; তা দেখার সুযোগ নেই। আজকে আমাদের সবারই একটা পরিচয় আমরা বাংলা বিভাগের শিক্ষার্থী। আজকে আমরা চির তরুণ।
তিনি আরও বলেন, ‘এই বিভাগ আমার প্রাণ। আমি অর্থনীতি ছেড়ে দিয়ে বাংলা বিভাগে এসে ভর্তি হয়েছিলাম। এটি আমার জীবনের অন্যতম একটি সঠিক সিদ্ধান্ত। আমার যতদিন প্রাণ আছে ততদিন আমি এই বিভাগ, এই বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে যাব।’
বাংলা বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক বিমল গুহ বলেন, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যাওয়ার পর আর বন্ধুদের সাথে খুব একটা যোগাযোগ হয়নি। আমি কল্পনাও করিনি আমার বন্ধুদের সাথে আবার দেখা হবে। এ সম্মিলনে এসে আমাদের অনেকের সাথে আবার দেখা হয়েছে। আমার মনে হচ্ছে আমি যেন সেই পুরোনো দিনের ক্যাম্পাস জীবনেই ফিরে গিয়েছি।
কথা হয় দেশের অন্যতম সাংবাদিক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি এবং বাংলা বিভাগের ২৫তম ব্যাচের ছাত্র বিশ্বজিৎ চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, আসলে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর ইচ্ছে থাকা সত্ত্বেও বন্ধু-বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ, যোগাযোগ খুব একটা হয়ে উঠে না। এ ধরনের আয়োজন হওয়াতে বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের সাথে আবারো মিলিত হয়েছি। এটি অবশ্যই একটি আনন্দের ব্যাপার। আয়োজনটির ফলে সাবেক বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সুন্দর একটি মেলবন্ধন সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও বাংলা বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম বাংলা বিভাগের অধ্যাপক ড. মহিবুল আজীজ ও দশম ব্যাচের ছাত্র কবি ও সাহিত্যিক আলি জিন্নাহ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ২০২১ সালে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাংলা বিভাগের সাবেক ৩ শিক্ষার্থী কবি বিমল গুহ, কবি আসাদ মান্নান এবং কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শিরীণ আখতারকেও সম্মাননা দেয়া হয়।
