নারীদের বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধের ঘটনার কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে এর মাধ্যমে ‘জাতীয় স্বার্থ’ ও নারীদের ‘সম্মান’ সংরক্ষণের দাবি করেছে তালেবান।
গতকাল উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র দেশটির সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিয়ে অবিলম্বে নারীদের সেখানে প্রবেশ স্থগিত করার নির্দেশ দিয়েছে।
উচ্চ শিক্ষামন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেয়েদের শিক্ষা স্থগিত করার উল্লিখিত আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য আপনাদের সবাইকে জানানো যাচ্ছে।’
মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াউল্লাহ হাশিমি চিঠি টুইটারেও প্রকাশ করেছেন। তিনি সংবাদমাধ্যম এপি ও এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক তালেবানের এই পদক্ষেপকে ‘সংকটজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এটি স্পষ্টতই তালেবানের আরেকটি প্রতিশ্রুতির ভঙ্ঘন।’
‘আমরা তাদের ক্ষমতাগ্রহণের পর থেকে দেখছি…নারীদের জন্য অধিকার সংকুচিত করছে, শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, জনসাধারণের এলাকায় প্রবেশাধিকারেও।’
আফগানিস্তান নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ ঘোষণা আসে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাতিসংঘ দূত কাউন্সিলের বৈঠকে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, ‘তালেবানরা আন্তর্জাতিক সম্প্রদায়ের বৈধ সদস্য হওয়ার আশা ততক্ষণ করতে পারে না যতক্ষণ তারা সব আগফগানের অধিকার, বিশেষ করে মানবাধিকার এবং নারী ও মেয়েদের মৌলিক স্বাধীনতাকে সম্মান না করে।’
