ঘূর্ণিঝড় সিত্রাং এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় চট্টগ্রাম সমুদ্রবন্দরে নিজস্ব সংকেত ‘অ্যালার্ট-৩’ জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।এসময় সাগর উত্তাল থাকায় বহিনোঙরে পণ্য খালাস বন্ধের পাশাপাশি বন্দরে অবস্থানরত সকল জাহাজে পণ্য উঠানো-নামানোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
সোমবার ২৪ অক্টোবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ আবহাওয়া অফিস ৬ নম্বর বিপদ সংকেত জারি করার পরবর্তীতে অ্যালার্ট-৩ জারির সিদ্ধান্ত নেয়া হয়। এরপরই জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ করা হয়। জেটি থেকে পালাক্রমে জাহাজ সাগরে নিয়ে যাওয়া হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে জেটিতে থাকা জাহাজে ব্যাপক আঘাত লাগে। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে জাহাজ জেটি থেকে কিছুটা দূরে সাগরে পাঠানো হচ্ছে।
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সাগর উত্তাল থাকায় ও অ্যালার্ট-৩’ জারি হওয়ায় লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর আশপাশে নিয়ে আসার পাশাপাশি সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে বড় জাহাজগুলোকে গভীর সাগরে পাঠিয়ে দেয়া হয়েছে। তাছাড়া তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও ঘুর্ণিঝড় মোকাবেলায় বন্দরের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
আরো পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং; চট্টগ্রাম-কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত
আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা যায়,সাগর আরও বেশি উত্তাল হওয়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত ও চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
