শরীয়তপুরের গোসাইরহাটে সেতুর সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
রোববার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার সাইক্কায় জয়ন্তিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চ স্বর্ণদীপ একটি সেতুর সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী। টাঙ্গাইলের নাজিমউদ্দীনের ছেলে শাকিল আহমেদ এবং গোসারইহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল। আহতরা হলেন হিরা ও সাগর রাব্বি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চটি রাতে ঢাকা থেকে শরীয়তপুরের ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। ভোর ৪টার দিকে লঞ্চটি গোসাইরহাটের সাইক্ষ্যার খালের একটি সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চের পানির ট্যাংকি নিচে শুয়ে থাকা যাত্রীদের গায়ে পড়ে ঘটনাস্থালেই তিন যাত্রী নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ভোররাতে লঞ্চ দুর্ঘটনায় তিন যাত্রী নিহত হয়েছেন। আহত দুজনকে এখানে ভর্তি করা হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বলেন, লঞ্চ দুর্ঘটনায় লঞ্চের চালক ও মাস্টারকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত করে তাঁদের বিরুদ্ধে মামলা করবে।
