রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. সাগর আহম্মদ (৩২) নামে এক পর্যটক নিহত হয়েছেন।
বুধবার (১৯ অক্টোবর) সকালে সাজেক থেকে ফেরার পথে হাউস পাগা নামক এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনায় হতাহতরা সবাই ঢাকা থেকে এসেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদের গা ড়িতে করে পর্যটকরা সাজেক ঘুরে আজ সকালে খাগড়াছড়ি ফিরছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়ির ছাদে থাকা পর্যটক সাগর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত ৫ জন পর্যটক।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, আমরা জানতে পেরেছি সাজেক থেকে ফেরার পথে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে একজন মারা গেছে। এ সময় ৫ জনের মতো আহত হয়েছেন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়েছে। নিহতের লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
