নারী সাফ চ্যাম্পিয়ন দলের পার্বত্য চট্টগ্রামের পাঁচ ফুটবলারসহ নারী সহকারী কোচকে সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ।
আজ সোমবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পাহাড়ের ফুটবল কন্যাদের প্রত্যেককে ২ লাখ ১ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এর আগে মনিকা চাকমা, আনাই মগিনী, আনুচিং মগিনী, রাঙ্গামাটির ঋতুপর্ণা চাকমা ও রূপনা চাকমাসহ সহকারী কোচ তৃষ্ণা চাকমাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
এ ছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী খাগড়াছড়ির তিন ফুটবলারের বাড়িতে যাওয়ার ব্রিজ ও সড়ক নির্মাণে ৪ কোটি টাকা এবং খাগড়াছড়ির নারী খেলোয়ারদের জন্য ২ কোটি টাকায় আবাসিক হোস্টেল নির্মাণের ঘোষণা দেন।
অনুষ্ঠানে জেলার সব উপজেলা ও ইউনিয়নের চেয়ারম্যান এবং মৌজা প্রধানগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, মং সার্কেলের সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী প্রমুখ।
