চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৩৮.৬৮ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য এবং ৬১.৩২ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
শনিবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর কাছে এ ফলাফল হস্তান্তর করেন চবি এ-ইউনিটের কো-অর্ডিনেটর ও চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৌহিদ হোসেন।
বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষায় ৩৩ হাজার ১৪৯ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। এতে পাস করেছে ১৩ হাজার ৫৬৯ জন। শতকরা ৩৮.৬৮ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। ফেল করেছে ১৯ হাজার ৫৮০ শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় ৬১.৩২ শতাংশ।
গত ১৬ আগস্ট দুই শিফটে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ১০৬ জন হলেও উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৪৯ জন ভর্তিচ্ছু। সকালের শিফট মোট পরীক্ষার্থী ছিলেন ২৭ হাজার ৫৩ জন। তবে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৫০ জন। বিকালের শিফটে ২৭ হাজার ৫৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৪৯৯ জন।
এছাড়া আজ ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।এতে ৯ হাজার ২২৩ জন ভর্তিচ্ছুর মধ্যে মেধা তালিকায় স্থান করে নেয় ২২৯৬ জন। যা মোট শিক্ষার্থীর প্রায় ২৪.৮৯ শতাংশ। এই ইউনিটে মোট সিট রয়েছে ৪৪১ টি।
