আনোয়ারায় পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন ঘন ফিউজ কাটা, ২ থেকে ৩ ঘন্টা ধরে লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন উপজেলাবাসী।
প্রচন্ড গরমে মানুষ যেমন অতিষ্ট, রাত বিদ্যুতের যাওয়া আশার প্রতিযোগিতায় বিদ্যুৎ নির্ভর মানুষ দিশেহারা। অতিরিক্ত লোডশেডিংয়ে স্কু্ল, কলেজ ,মাদ্রাসার ছাত্র ছাত্রীদের লেখা পড়ায় অতিমাত্রায় বিঘ্নিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাসা-বাড়িতে ব্যবহৃত টিভি, ফ্রিজ ও কম্পিউটার। চরম ভোগান্তির যন্ত্রণা থেকে বাদ পড়েনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি ক্লিনিক পর্যন্ত।
শিল্প বাণিজ্যের জন্য দক্ষিণ চট্টগ্রামের অন্যতম অঞ্চল আনোয়ারা উপজেলা। টানা লোডশেডিংয়ে বিপর্যন্ত হয়ে পড়েছে উপজেলার ১১ ইউনিয়নের প্রায় ৮০ হাজার গ্রাহক। বিদ্যুতের ভ্যালকিবাজিতে স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব না হওয়ায় জনগণকে পড়তে হচ্ছে চরম বিপাকে। বিদ্যুৎ লোডশেডিং হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন অনেকেই।
এদিকে লোডশেডিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোরশেদুর রহমান নয়ন এক গ্রাহক ক্ষোভ প্রকাশ লিখেন,এই শোকাবহ আগস্টে আমাদেরকে খালেদা-তারেক যুগের চেয়ে ভয়াবহ সময়ে নিয়ে গেছে বিদ্যুৎ বিভাগ।
অপরদিকে উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে লিখেন, আনোয়ারা উপজেলার সকল ইউনিয়নে কি বিদ্যুৎতের একই অবস্থা ? যার যার ইউনিয়ন থেকে বলুন? যেমন আমাদের হাইলধরে রাত ১২ টা থেকে এখন ভোর ৪’২৬ কারেন্ট নেই, এটা কি লোডশেডিং নাকি যড়যন্ত্র?
গিয়াস উদ্দিন নামে একজনে লিখেন , চট্টগ্রাম দক্ষিণ জেলা শতভাগ বিদ্যুৎ নিশ্চিত আনোয়ারা উপজেলা বিদ্যুৎহীন একটি রাত।
এব্যাপারে আনোয়ারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ জসীম উদ্দীন জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি গ্যাসের সমস্যা হওয়ার কারণে জাতীয়ভাবে এই সমস্যা দেখা দিয়েছে। এই লোডশেডিং এ আমাদের কোন হাত নেই। মাঝে মধ্যে চট্টগ্রাম থেকে মাঝে মধ্যে সরাসরি ঢাকা থেকে সাপ্লাই বন্ধ করা হচ্ছে। প্রতিদিন যে পরিমাণ বিদ্যুৎ আমাদের দেওয়া হয় তা আমরা চারটি সাব স্টেশনে ভাগ করে দিয়ে থাকি। অথচ স্থানীয় গ্রাহকরা এ বিষয়ে আমাদের দোষারোপ করেছেন । ইচ্ছে করে আমরা ভোগান্তি সৃষ্টি করি না এই পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নাই ।
