চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে।
আজ শনিবার (৬ আগস্ট) দুপুর পৌণে ২টার দিকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এই প্রেক্ষিতে আমরা চট্টগ্রামে সকল বাস চালক অনুরোধ করছি আপনারা গাড়ি নিয়ে রাস্তায় নামেন। সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
শুক্রবার (৫ আগস্ট) রাতে হঠাৎ সব ধরণের জ্বালানি তেলের বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ হওয়ায় শনিবার (৬ আগস্ট) থেকে নগররে বাস না চালানোর ঘোষণা দিয়েছিল বাস মালিকদের সংগঠন।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়েছে।
অর্থাৎ এই দাম বৃদ্ধির হার প্রায় ৪২ শতাংশ। লিটার প্রতি পেট্রলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়েছে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা। অর্থাৎ পেট্রল ও অকটেনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি।
শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
