মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দী করে রাখা এক নারীসহ দুই রোহিঙ্গাকে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়।
শুক্রবার ২৯ জুলাই ভোর সাড়ে ৪ টায় টেকনাফ উপজেলার বড়ইতলীর আকতার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়।
এ বিষয়ে ১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তরিকুল ইসলাম তারিক বলেন, কয়েকজন রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বড়ইতলীর আকতার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বন্দী করে রাখা অবস্থায় মোহাম্মদ আলী (২১) এবং আয়েশা সিদ্দিকা (২০) নামের দুই রোহিঙ্গা নারী পুরুষকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে চাকমারকুল ক্যাম্প ২১ এর ব্লক এ/৬ এর সবু ইসলামের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২২), বড়ইতলী গ্রামের মৃত নুর হোসেনের ছেলে আকতার হোসেন (৩৫) ও শহিদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেনকে (৩২) আটক করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
