চট্টগ্রামের রাউজান থানার পাহাড়তলী এলাকায় সিএনজি অটোরিকশার চাপায় আবদুর শুক্কুর (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় সিএনজি অটোরিকশাটি উল্টে গেলে এর চালকও গুরুতর আহত হন।
সোমবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে রাউজান পাহাড়তলীর তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজান পাহাড়তলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিএনজি অটোরিকশা উল্টে চাপা পড়ে গুরুতর আহত হন আবদুর শুক্কুর। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উল্টে যাওয়া গাড়িটির চালকও আহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি। দূর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে। নিহত আবদুর শুক্কুর পাহাড়তলীর তাপবিদ্যুৎ এলাকার জিয়া নগরের কবির ম্যানশনে ভাড়া বাসায় বসবাস করতেন।
