গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের সাজা ও দুইশ কোটি টাকা জরিমানার রায়ের বিপক্ষে করা আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সাথে দুইশ কোটি টাকা জরিমানার রায় স্থগিত করেছেন আদালত।
আজ সোমবার (৪ জুলাই) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে এ আপিল গ্রহণ করা হয়।
আপিল গ্রহনের বিষয়টি নিশ্চিত করেন হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী।
বিগত ১২ মে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এর আদালত ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ড ও দুইশ কোটি টাকা জরিমানা করেন।
মামলায় গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চার বছরের কারাদণ্ড, তিন কোটি ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।বাকি ৪৩ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অভিযুক্তদের কারাদণ্ডের পাশাপাশি ২৩০০ কোটি টাকা জরিমানা সহ প্রতিষ্ঠানের ক্রোক ও ফ্রিজ করা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।
