কক্সবাজার খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিন হত্যার ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৩ জুলাই) রাতে খুরুশকুল এলাকা থেকে তাদের আটক করার কথা জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, এখন পর্যন্ত জেলা পুলিশ ও ডিবি আলাদা অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। অভিযান এখনও চলমান রয়েছে।
রোববার (৩ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার সদরের খুরুশকুলে ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন থেকে ফেরার পথে ফয়সাল উদ্দিনকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ফয়সাল সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এবং খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকা মৃত লাল মোহাম্মদের ছেলে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, ‘ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে ফয়সালের ওপর প্রথম আঘাত করে একদল যুবক।
তিনি পুলিশকে ফোন করে সহায়তা চাইলে সদর থানার এসআই রায়হানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে আজিজ সিকদার ও তার ভাই জহির পুলিশের সামনেই ফয়সালকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।’
এটি পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে তিনি বলেন, পুলিশের দায়িত্বে অবহেলার কারণেই ফয়সাল খুন হয়েছে। ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন- হত্যাকারীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছে। যদি এ ঘটনায় পুলিশের কোন সদস্য দায়িত্বে অবহেলা করে থাকেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
