চট্টগ্রামে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তার নাম জোবাইদা খানম (১৯)। আজ সোমবার (২৩ মে) নগরের মনসুরাবাদ পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তারা তাকে আটক করেন।
চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের সহকারী পরিচালক মাহুমুদুল হক চট্টগ্রাম নিউজকে বলেন, জেলার সীতাকুণ্ডের জাফরাবাদ এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে পাসপোর্টের আবেদন করেন এক নারী। তিনি জন্মসনদ, মায়ের জাতীয় পরিচয়পত্র দেন। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁর আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা যায়, কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সালে রোহিঙ্গা হিসেবে তিনি নিবন্ধিত হন।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেছেন, তিনি রোহিঙ্গা। পরে ওই নারীকে ডবলমুরিং থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
