চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা শুরু হচ্ছে ২৫ এপ্রিল সোমবার। এ খেলাকে ঘিরে প্রতি বছরের মতো এবারো লালদীঘি মাঠের আশপাশে এরই মধ্যে মেলায় পসরা সাজিয়ে বসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছোট বড় ব্যবসায়ীরা। রোববার (২৪ এপ্রিল) নগরীর লালদীঘি এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে। এ মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। লালদীঘি মাঠের পরিবর্তে এবার জেলা পরিষদের পাশে চার রাস্তার মোড় ঘেঁষে অস্থায়ী মঞ্চে হবে জব্বারের বলীখেলা।
বিগত বছরগুলোর তুলনায় এবার মেলায় বিক্রেতার সংখ্যা কম। দেশের বিভিন্ন জেলা থেকে মাটির তৈরি তৈজসপত্র, মুড়ি মুড়কি, গাছের চারা, ফুল ঝাড়ু, খেলনা, ফুলদানি ও পুতুল, বেত-কাঠ ও বাঁশের তৈরি আসবাবপত্র, হাতপাখা, মাছ ধরার পলো, ডালা, কুলো, গাছের চারা, পাটি আর নানা রকম দেশি ফল নিয়ে মেলায় এসেছেন বিক্রেতারা।
এদিকে, ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা উপলক্ষে লালদীঘি অভিমুখী সব ধরনের যান চলাচল নিয়ন্ত্রণ রেখেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
প্রসঙ্গত, ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে স্থানীয় বদর পাতি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর বলীখেলা চালু করেন। এরপর থেকে প্রতি বাংলা বছরের ১২ বৈশাখ লালদীঘি ময়দানে এ খেলার আয়োজন করা হয়। ব্যবসায়ী আবদুল জব্বারের নামানুসারে খেলাটির নাম রাখা হয় ‘জব্বারের বলীখেলা’।
