রাউজান উপজেলায় নসিমন উল্টে শহীদুল ইসলাম রাফি (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
আজ (৮ এপ্রিল) শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়াডের পলোয়ান পাড়া ১০নং রোড এলাকায়।
নিহত রাফি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ান পাড়া ৬নং রোড এলাকার মোহাম্মদ রফিকের পুত্র । সে নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। ২ ভাইয়ের মধ্যে সে পরিবারের বড় সন্তান।
নিহতের চাচা মুহাম্মদ আবু তাহের জানান,শুক্রবার বিকেলে আমাদের নির্মাণাধীন ঘরে নসিমনে করে বালু আসে।
এসময় ফিরতে পথে রাফিসহ কয়েকজন বাচ্চা নসিমনে উঠে পড়ে। নসিমনটি ১০নং রোড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় রাফি নসিমন থেকে চিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, আজ রাত ১১টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে নিহত রাফিকে। রাফির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
