পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ণব পাল (২৪)’কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৫ মার্চ) রাত ১২টার দিকে হাসপাতালে জরুরি বিভাগ থেকে খিলক্ষেত থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে। তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণের মনোহরপুর দুধবাজার এলাকার শ্রীরূপ পালের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, অর্ণব নামের ওই ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্ট ছিল।
শুক্রবার রাতে হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে জরুরি বিভাগ থেকে তাকে গ্রেফতার করে খিলক্ষেত থানা পুলিশ। আমরা তাদের সহযোগিতা করেছি। রাতে পুলিশ অর্ণবকে ঢাকায় নিয়ে যায়।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, ফেনী জেলার বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অর্ণবের। এ সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর তরুণী পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গত ফেব্রুয়ারি মাসে খিলক্ষেত থানায় মামলা করেন।
