রুশ সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধের ইউক্রেনের অন্তত ১ হাজার ৩০০ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তবে রাশিয়ার সৈন্য হতাহতের ব্যাপারে কোনো তথ্য জানাননি তিনি। খবর বিবিসির।
জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসনে এখন পর্যন্ত এক হাজার ৩০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার ইউক্রেনীয় সৈন্যের কাছে রাশিয়ার প্রায় ৫০০ থেকে ৬০০ সৈন্য আত্মসমর্পণ করেছে। কিন্তু বিবিসি নিরপেক্ষভাবে এমন তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
এদিকে, শনিবার রাজধানী কিয়েভের উপকণ্ঠের ছোট ছোট শহরগুলোতে রুশ সৈন্যদের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার ভারী গোলাবর্ষণ, বিমান হামলার হুমকি এবং শহর ঘিরে ফেলার কারণে কিয়েভ ছাড়তে মরিয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।
