ইউক্রেনে হামলার শিকার ২৮ নাবিককে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। তবে তিনি জানান, নিরাপত্তা নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাদের সেখানে থাকাই ভালো। নাবিকদের জন্য পর্যাপ্ত খাবারব্যবস্থা আছে বলেও জানান তিনি।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক ও বিএসসির পরিচালনা পর্ষদের পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির বৃহস্পতিবার (০৩ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
কমডোর সুমন মাহমুদ সাব্বির বলেন, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য গত ২২ ফেব্রুয়ারি ২৯ নাবিক নিয়ে তুরস্ক থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এড়াতে পণ্য বোঝাই না করেই দ্রুত ফেরত আসার জন্য জাহাজটিকে নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যেই যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় ২৪ ফেব্রুয়ারি থেকে অলভিয়া বন্দরেই আটকে রয়েছে এমভি বাংলার সমৃদ্ধি। জাহাজটিতে ৩৫ দিনের খাবার এখনো মজুত আছে।
এদিকে পরিবার-পরিজন জানান তাদের সঙ্গে ফোনে কথা বলার সময় ইউক্রেনের অলভিয়া বন্দরে থাকা বাংলাদেশি জাহাজের ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের ফোন বন্ধ হয়ে যায়। কথা বলার সময় সংযোগ কেটে গেলে নেটওয়ার্কের জন্য জাহাজের ব্রিজে যান তিনি। এ সময় হঠাৎ রাশিয়ার রকেট হামলায় প্রাণ হারান ঘটনাস্থলেই। বিধ্বস্ত হয় জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। জাহাজটিতে এখনো আটকে থাকা ২৮ নাবিক কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানিয়েছেন।
রাশিয়ার রকেটের আঘাতে বিধ্বস্ত ‘বাংলার সমৃদ্ধি’। আচমকা হামলায় মুহূর্তে জলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয় ইউক্রেনের অলভিয়া বন্দরে থাকা বাংলাদেশি জাহাজটি। জাহাজের ব্রিজে অবস্থানরত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান প্রাণ হারান ঘটনাস্থলেই।
সহকর্মীরা জানান, বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে দেশে থাকা পরিবারের সঙ্গে ফোনে কথা বলছিলেন হাদিস। সংযোগ কেটে যাওয়ায় নেটওয়ার্কের জন্য ব্রিজে অবস্থান করছিলেন তিনি। ওই সময়ই হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী জানান, হামলার শিকার বাংলার সমৃদ্ধিতে এখনো আটকা পড়ে আছেন ২৮ নাবিক। কান্নাজড়িত কণ্ঠে তারা বারবার বাঁচার আকুতি জানাচ্ছেন।
