চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে হাজার বছরেরও অধিক কাল জুড়ে পালিত হয়ে আসছে তিন দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা। সোমবার দিবাগত রাত থেকে শুরু হয়ে তীর্থ সময় কাল চলবে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত। তবে এ মেলার ব্যাপ্তিকাল চলবে মাসব্যাপি। প্রতিবছরের মতো এবারও মেলার তিন দিনে এখানে দেশ-বিদেশের ১৫-২০ লাখ পূণ্যার্থীর আগমন হবে ধারণা করে মেলা সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা বারবার বৈঠক করে প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে কলি যুগের মহাতীর্থ সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আনুমানিক হাজার বছরেরও আগে থেকে শুরু হওয়া শিব চতুর্দশীর পূণ্য তিথিতে লাখ লাখ ভক্তের পূজা-পার্বনকে ঘিরে শিব চতুর্দশী মেলা শুরু হয়েছিলো। প্রতিবছর এই মেলায় ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ পৃথিবীর বিভিন্ন দেশের কর্মকর্তা, সাধু-সন্ন্যাসী ও লাখ লাখ দর্শনার্থীর পদভারে মুখরিত থাকে তীর্থভূমি। মেলার আয়োজকরা জানান, হিন্দুশাস্ত্র মতে দেবাদিদেব মহাদেব বলেছেন ‘কলিকালে আমি চন্দ্রনাথ চন্দ্র শেখরে অবস্থান করিব’। এই তীর্থ যিনি দর্শন করবেন তার আর পুনর্জন্ম হবে না, তিনি স্বর্গবাসী হবেন। এ বিশ্বাস থেকে সনাতন ধর্মালম্বীরা জীবনে একবারের জন্য হলেও মহাতীর্থ চন্দ্রনাথ ধামে ছুটে আসেন। এখানে ব্যাসকুন্ডে পূণ্য স্নান শেষে ভৈরব মন্দির, বটতলী কালী মন্দির, শনি মন্দির, প্রেমতলা মন্দির, সত্য নারায়ণ মন্দির, শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, ব্যাসকুণ্ড, সুর্যকুণ্ড শংকর মঠ ও মিশন, রামকৃষ্ণ সেবাশ্রম, জগন্নাথ মন্দির, মোহন্ত আস্তানা, ঠাকুর অনুকুল চন্দ্রের সৎসঙ্গ, শ্মশান কালী মন্দির, হনুমান মন্দির, উনকোটি শিবের বাড়ি, রামকুণ্ড লক্ষন কুণ্ড সীতারকুণ্ড, নারায়ণ ছত্র, সীতার পাতালপুরী, দধিকুণ্ড, লবণাক্ষ মন্দির, বাড়বানল, জ্বালামুখী কালী বাড়ি, গুরুধ্বনী, অন্নপূর্ণা মন্দির, স্বয়ম্ভূনাথ মন্দির, বিরূপাক্ষ মন্দির ও সু-উচ্চ পাহাড় চূড়ায় চন্দ্রনাথ মন্দিরে দর্শন ও পূজা অর্চনা করেন। এবং পূর্বপূরুষদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ-তর্পন সম্পন্ন করেন। এ সময় সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম পাহাড় চূড়া থেকে সমতল ভূমি পর্যন্ত প্রায় সাড়ে ৩ কি.মি. এলাকা ভক্তদের পদভারে মুখরিত হয়ে উঠে।
মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী জানান, চন্দ্রনাথ ধাম মহাতীর্থে এবার ২৮ ফেব্রুয়ারী থেকে ২ মার্চ পর্যন্ত তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী শিব চতুর্দশী এ মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও কার্যালয়, সীতাকুণ্ড প্রেসক্লাব থানা, পৌরমেয়র ও কাউন্সিলর ও ব্যবসায়ী সমিতির নেতাকর্মীদের সাথে মত বিনিময় করে প্রস্তুতি নিয়েছে। আশা করছি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবারও ২০ লাখের মতো ভক্তের সমাগম হবে এখানে।
এবারের শিব চতুর্দশী তিথি ২৮ ফেব্রুয়ারী সোমবার রাত ২টা ৫০ মিনিটে শুরু হয়ে থাকবে মঙ্গলবার রাত ১টা ৭ মিনিট পর্যন্ত। এরপর বুধবার রাত ১১টা ৪৭ মিনিট পর্যন্ত চলবে পিতৃ পূরুষদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ-তর্পন। মেলা কমিটির কার্যকরী সভাপতি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, শিব চতুর্দশী মেলা একটি বিশাল মেলা। যেখানে ১৫-২০ লাখ ভক্তের আগমন হয়। তাই এটি সুষ্ঠভাবে সম্পন্ন করাও একটি চ্যালেঞ্জ। তবে আমরা জেলা প্রশাসক মহোদয়ের দিক নির্দেশনায় প্রস্তুতি শেষ করেছি। মেলায় যাত্রী উঠানামার জন্য প্রতিবারের মতো অনেকগুলো আন্তঃনগর ট্রেন ২ মিনিট বিরতি দিয়ে সীতাকুণ্ড থেকে যাত্রী আনা নেওয়া করবে। সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এই মেলাতে লাখ লাখ মানুষ যেভাবে পাহাড় চূড়া থেকে সমতল পর্যন্ত ছড়িয়ে থাকে তা না দেখলে কেউ কল্পনাও করতে পারবে না। এজন্য মেলার নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি। এবার উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ৪ শতাধিক পুলিশ সদস্য ছাড়াও র্যাব, আনসার ও বিভিন্ন মহিলা নিরাপত্তা রক্ষীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। আশা করি মেলাটি সুষ্ঠভাবে সম্পন্ন করা যাবে।
