চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার দুপুর ১২ টার দিকে ফটিকছড়ি উপজেলার হেয়াকোর কড়ইবাগান এলাকায় রামগড় – করেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ছিদ্দিক মিয়া (৫৫)। তিনি বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানুয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় কড়ইবাগান এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক আরোহী ছিদ্দিক মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বারৈয়ারহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন এই দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম নিউজ / এম এম
