বোয়ালখালী উপজেলার গুচ্ছগ্রাম বাজার এলাকায় মহিষের আঘাতে (ঢুষে ) মো. গফুর (৪৫) নামের এক চাষী নিহত হয়েছে।
আজ ১৯ ফেব্রুয়ারি, শনিবার দুপুর ২টার দিকে উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গুচ্ছগ্রাম বাজারে এ ঘটনা ঘটেছে।
নিহত গফুর একই এলাকার মৃত আবদুল বারেকের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পাহাড়ের গফুরের লেবু বাগান রয়েছে। সে লেবু বিক্রি করে সংসার চালান বলে জানা গেছে।
স্থানীয়রা জানান দুপুরে গুচ্ছগ্রাম বাজারের পাইকারি লেবুর দোকানে সামনে হঠাৎ একটি মহিষ ঢুষ মারে। এতে মহিষের শিং তার পেট ও বুকে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অনিন্দিতা লোধ বলেন, দুপুর আড়াইটার দিকে গফুর নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে মৃত ঘোষণা করা হয়েছে। তার বুক ও পেটে মারাত্মকভাবে জখম হয়েছে।
