নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকায় ম্যাজিস্ট্রেটের উপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ওয়েল ফুডের সামনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.অলি উল্লাহকে একটি কার ধাক্কা দিলে তিনি কারন জানতে চাওয়ায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায় রাত ১০ টার দিকে পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ওয়েল ফুডের সামনে দিয়ে ম্যাজিস্ট্রেট তার স্ত্রীকে নিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ব্যক্তিগত গাড়ি ধাক্কা দেয়।
এর কারণ জানতে চান ম্যাজিস্ট্রেট। এতে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে এসে রানা নামে একজন তাঁর উপর হামলা চালায়।
এতে আহত ম্যাজিস্ট্রেটকে পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজের। ঘটনার পর ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
