আলোচিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে বাসায় গিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রোববার,৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে খুলশী থানাধীন বাসায় গিয়ে এ হুমকি দেওয়া হয়। এ বিষয়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শরীফ উদ্দিন।
চট্টগ্রামের দুদক কার্যালয়ের সাবেক এই উপ-পরিচালক তিনদিনের ছুটিতে চট্টগ্রাম আসলে এ হুমকি দেওয়া হয়। এর আগে গত ১৬ জুন তাঁকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়।
জিডিতে দুদক কর্মকর্তা উল্লেখ করেন, তিন দিনের ছুটিতে বাসায় আসেন তিনি। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে তাঁর বাসায় আসেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (কেজিডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও আরও একজন সহযোগী। আইয়ুব খান চৌধুরী দারোয়ানের উপস্থিতিতে বলেন, আমার কারণে তাঁর জীবন ধ্বংস হয়েছে। আমি নাকি তাঁর বিরুদ্ধে নিউজ করাইছি। দুদকে কীভাবে চাকরি করি দেখে নেবে। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে তাঁর মতো অনেকের জীবন ধ্বংস করেছি বলে জানায়।
শরীফ উদ্দিন বলেন, ‘আইয়ুব খান চৌধুরী ও তার লোকজন আমাকে এবং আমার পরিবারকে হত্যার হুমকি দেয়।জীবনের নিরাপত্তা চেয়ে আমি জিডি করেছি। বাসায় থাকা সিসিটিভির ফুটেজে বিষয়টি রেকর্ড আছে বলেও জানান তিনি।’
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন,দুদকের উপ-পরিচালক কে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে জিডি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
