সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকার ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত ১টি বোট জব্দ করা হয়েছে। এ সময় চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা সার ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সাব্বির আলম সুজন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
