আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এ সময় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে জাহেদ হাসান (২৮), মো. নুরচ্ছফা (৩৪), মো. ইসমাইল নেওয়াজ (২৬) ও মো. আসাদ (২৯)কে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
আর/ চট্টগ্রাম নিউজ
